প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত যৌথ উদ্যোগের সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানায়।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনের সময়ে দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীনা রাষ্ট্রদূতের গঠনমূলক ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব পালনের সময় প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।