ইউরোপের বিভিন্ন জাদুঘর ইসলামি শিল্পকলাকে ক্রমে ইউরোপের নিজস্ব সাংস্কৃতিক ইতিহাসের অংশ হিসেবে উপস্থাপন করছে, কিন্তু একই সময়ে মুসলিম অভিবাসন, ধর্মীয় পরিচয় ও ইসলাম নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। এই বৈপরীত্য লন্ডনের ভিঅ্যান্ডএ ইস্ট স্টোরহাউসে স্থপতি ও শিল্পী শাহেদ সালিমের ‘আই ওয়াজ বর্ন হিয়ার’ প্রদর্শনীতে উঠে এসেছে। সেখানে আলহামরা-প্রভাবিত নকশার সঙ্গে অভিবাসন, বর্ণবাদ এবং ব্রিটেনের ২০১৩ সালের ‘হোস্টাইল এনভায়রনমেন্ট’ নীতির প্রসঙ্গ যুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি শিল্প, জ্ঞান ও স্থাপত্য দীর্ঘদিন ধরে ইউরোপের ইতিহাসের সঙ্গে জড়িত। উদাহরণ হিসেবে গ্রানাডার আলহামরা, ল্যুভরে সংরক্ষিত ত্রয়োদশ শতাব্দীর মামলুক ধাতব পাত্র, ইউরোপীয় গির্জায় রক্ষিত ইসলামি বস্ত্র এবং উদ ও রাবাবের প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদেরা স্পেনে সাংস্কৃতিক যোগাযোগের পাশাপাশি ইনকুইজিশনের সময় মুসলিম ও ইহুদিদের ওপর নিপীড়নের কথাও স্মরণ করিয়েছেন।
গবেষণা ও জাদুঘর প্রকল্পগুলো প্রশ্ন তুলছে, ইসলামি ঐতিহ্য প্রদর্শনে সমসাময়িক মুসলিমদের জীবন কতটা প্রতিফলিত হয়। বার্লিনের কয়েকটি জাদুঘর মুসলিম সম্প্রদায়কে যুক্ত করে তাদের দৈনন্দিন জীবন, অভিবাসন, বৈচিত্র্য ও পরিচয়ের অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ নিয়েছে। দ্য হেগ ও বার্লিনের নতুন প্রদর্শনীগুলোও ঐতিহাসিক শিল্পকে সমসাময়িক শিল্পী ও মানুষের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করছে।