উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি কুয়েতে একটি সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এ ঘোষণা দেন। বাহরাইনে জোটটির ছয় সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশনে সিদ্ধান্তটি জানানো হয়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং অবনতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জিসিসির সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা কাঠামো জোরদারের চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা, গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার সুরক্ষা এবং সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। বৈঠকে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে।
নতুন সদর দপ্তরের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করা হয়নি। জিসিসির রিয়াদভিত্তিক একটি সমন্বিত সামরিক কমান্ড আগে থেকেই রয়েছে; কুয়েতের নতুন কাঠামোটি তার সঙ্গে কীভাবে সমন্বিত হবে, তা স্পষ্ট নয়। প্রতিবেদনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমার কথাও বলা হয়েছে।