অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী যাত্রা নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ফ্লোটিলা: বাংলাদেশ সেইলস ফর গাজা’ শুরু হচ্ছে। ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে আন্তর্জাতিক আলোকচিত্র সংস্থা দৃক পিকচার লাইব্রেরি এ আয়োজন করেছে। আগামী শুক্রবার, ১৪ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্রদর্শনীতে আলোকচিত্র, ভিডিও ফুটেজ ও বিভিন্ন আর্কাইভাল উপাদানের মাধ্যমে গাজামুখী অভিযানের বিবরণ তুলে ধরা হবে। এতে অংশ নেওয়া দুই ব্রিটিশ-বাংলাদেশি জুবায়ের ইসলাম খান ও মোহাম্মদ আলী, যিনি লিয়াকত নামেও পরিচিত, এবং বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের সাহসী যাত্রার তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
আয়োজকদের বর্ণনা অনুযায়ী, অভিযান চলাকালে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী তাঁদের নৌযান অবৈধভাবে আটক করে। পরে তাঁদের বেআইনিভাবে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে বন্দী রাখা হয়। ওই অবরুদ্ধ সময় ও সংগ্রামের চিত্রও প্রদর্শনীতে থাকবে। ১৪ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।