ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন। শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণের মানদণ্ড ঠিক করার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই। নাইন-ইলেভেন হামলার বার্ষিকীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে তিনি অসংগতিতে পূর্ণ বলে মন্তব্য করেন।
বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র একদিকে আগ্রাসন, কাপুরুষোচিত হত্যাকাণ্ড এবং বেসামরিক হতাহতের ঘটনায় জড়িত, অন্যদিকে তারাই সন্ত্রাসবাদের সংজ্ঞা ও কোন সহিংসতা বৈধ তা নির্ধারণের একচ্ছত্র অধিকার দাবি করে। এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, নাইন-ইলেভেনের হামলাকারীরা ইরানি ছিল না; তারা এমন লোক ছিল, যাদের যুক্তরাষ্ট্র আগের দশকগুলোতে অস্ত্র, সংগঠন বা অন্য উপায়ে গড়ে তুলেছিল বলে তিনি অভিযোগ করেন।
ইরানি মুখপাত্র বলেন, নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ আফগানিস্তান ও ইরাকে দীর্ঘ যুদ্ধ ও দখলদারিত্ব সৃষ্টি করে এবং এতে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। তিনি ইরানের বিরুদ্ধে বেপরোয়া ও বেআইনি যুদ্ধের যৌক্তিকতা হিসেবে এই বার্ষিকী ব্যবহারের সমালোচনা করেন। সার্বভৌম রাষ্ট্রের কর্মকর্তা এবং নারী-শিশুসহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা যুদ্ধকে সন্ত্রাসবিরোধী অভিযান বললে তা নৈতিকভাবে গ্রহণযোগ্য হয় না বলেও মন্তব্য করেন তিনি।