একটি নতুন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে ইসরাইল কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তথাকথিত ‘প্রজনন গণহত্যা’ চালিয়ে আসছে। প্যালেস্টিনিয়ান ফেমিনিস্ট কালেকটিভ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা প্রতিষ্ঠান ধ্বংস, নারী ও শিশু হত্যা এবং বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টির ফলে ফিলিস্তিনিদের মধ্যে বন্ধ্যাত্ব বাড়ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর এসব কর্মকাণ্ড আরও তীব্র হয়েছে, যার লক্ষ্য ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা।
এর পাশাপাশি জাতিসংঘের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এক প্রতিবেদনে জানায়, গাজায় অভিযানের অংশ হিসেবে ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেদনে স্নাইপার ও ড্রোন হামলা, আটক অবস্থায় নির্যাতন, প্রজনন-সম্পর্কিত সহিংসতা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংসের তথ্য তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এবং প্রায় ৫ হাজার ১৬০ শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ১৫ হাজার শিশু তাদের মাকে হারিয়েছে।