শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।
নির্বাচন কমিশন জানায়, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সেনাবাহিনী সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে দায়িত্ব পালন করতে পারে না। তাই সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রায় ৩২০ জন বিজিবি সদস্যের পাশাপাশি ১০টি র্যাব দল মাঠে কাজ করবে এবং ৪টি দল রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।
জামায়াতে ইসলামী প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হয়েছিল। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট হবে। দুটি উপজেলা, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ১২৮টি কেন্দ্রে ভোট দেবেন।