কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এ ৪৮ ঘণ্টার অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে অভিযানটি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়িয়ে অপরাধী শনাক্ত এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড ঠেকাতে এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে একই ধরনের অভিযান চলবে বলেও জেলা পুলিশ জানিয়েছে।