স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেয়োন প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, রোববার শুরু হওয়া এই আগুনে প্রায় ১৫০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি উড়োজাহাজ মোতায়েন করা হয়। চলমান দ্বিতীয় দফার গ্রীষ্মকালীন তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।
আস্তুরিয়াস অঞ্চল থেকেও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে, কাতালোনিয়ার জিরোনা এলাকায় শুক্রবার শুরু হওয়া আরেকটি দাবানলে ১৪ জন আহত হয়েছেন এবং প্রায় ২ হাজার ৩০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। শনিবার আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সোমবার ভোর পর্যন্ত দমকলকর্মীরা নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে উঠতে পারে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঝুঁকি অব্যাহত রয়েছে।