নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী তেরোতোপা গ্রামে চোরাকারবারি ধরতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল হামলার শিকার হয়েছে। মঙ্গলবার বিকেলে রংছাতি ইউনিয়নের ওই গ্রামে অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় দুই উপপরিদর্শক ও এক সহকারী উপপরিদর্শকসহ ডিবির ছয় সদস্য আহত হন। পরে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে এবং হামলায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০টি ইয়াবা বড়ি, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালান করে একটি সংঘবদ্ধ চক্র। ভারতীয় গরু চোরাচালান ও টাকা লেনদেনের খবর পেয়ে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির দল সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা আশপাশের মানুষ জড়ো করে লোহার রড ও লাঠি দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।