ইসরাইলের সদ্য পাস করা মৃত্যুদণ্ড আইনকে বৈষম্যমূলক ও ফিলিস্তিনিদের অধিকারবিরোধী বলে নিন্দা জানিয়েছে আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, এই আইন ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও অস্তিত্ব অস্বীকার করে। চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি পার্লামেন্ট একটি বিল পাস করে, যেখানে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, তবে একই অপরাধে দোষী ইহুদি ইসরাইলিদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, এই আইন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা’কে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। তারা ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের দুরবস্থার প্রতিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, সেখানে নির্যাতন, খাদ্য সংকট ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশও এই আইন নিয়ে উদ্বেগ ও সমালোচনা জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইন ইসরাইলের বৈষম্যমূলক নীতিকে আরও শক্তিশালী করবে।