নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির এক নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগ ওঠা সাজিদ আহমেদ মোল্লা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা অভিযোগ করেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নিয়ে তাঁর মন্তব্য কুরুচিপূর্ণ ও অবমাননাকর। বক্তারা নারী অবমাননা, ভিকটিম ব্লেমিং ও ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘটনাগুলো নিয়ে উদ্বেগ জানান।
শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে সাজিদের মেসেঞ্জার কথোপকথনের অংশ ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। মানববন্ধনকারীরা দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।