পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সমালোচনা করেছে ইরান। রাষ্ট্রীয় মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভিয়েনায় ইরানের প্রতিনিধিদল প্রশ্ন তুলেছে কেন ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গ্রোসি কঠোর নিন্দা জানালেও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত হামলা এবং ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার ঘটনায় একই অবস্থান নেননি।
ইরানের প্রতিনিধিদলের বিবৃতিতে বলা হয়েছে, গ্রোসি বিভিন্ন ঘটনায় ‘কঠোর নিন্দা’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। তবে সব পরিস্থিতিতে কেন সেই অবস্থান একইভাবে প্রয়োগ করা হয় না, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বিবৃতিতে জাপোরিঝঝিয়া কেন্দ্রের কর্মী নিহত হওয়ার ঘটনায় তাঁর প্রতিক্রিয়ার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট ঘটনাগুলোতে তাঁর অবস্থানের তুলনা করা হয়।
বিবৃতিতে গ্রোসির বিরুদ্ধে ‘বাছাই করা ক্ষোভ’ প্রকাশের অভিযোগও আনা হয়েছে। ইরানের প্রতিনিধিদল বলেছে, পেশাদারত্ব বজায় রাখতে ধারাবাহিকতা জরুরি। তাদের অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল পারমাণবিক স্থাপনা ও পরমাণু-সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও হত্যার ঘটনায় সমান আচরণ না করা।