রাজধানীর লেকগুলো দূষণমুক্ত রাখতে ১ হাজার ২৬৯টি ভবনকে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও পয়ঃশোধনাগার নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। রাজউকের আওতাধীন এলাকার লেকের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে।
সভায় রাজধানীর লেকগুলোর বর্তমান দূষণ পরিস্থিতি, দূষণের উৎস, পানির গুণগত মান উন্নয়ন এবং বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। চূড়ান্ত নোটিশ পাওয়া ভবনগুলোর তালিকা সংশ্লিষ্ট আবাসিক সোসাইটিগুলোকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের ব্যবস্থা আছে, তাদের মালিকদের ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে কাজ শুরু করতে হবে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের কাঠামোগত নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে এবং আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।