এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত শক্তির আস্ফালন স্বাভাবিক হলেও তাদের এসব অপচেষ্টা জুলাই আন্দোলনের ঐক্যকে আরও সুসংহত করবে। সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরা ও রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।
মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান লক্ষ্য। তিনি সতর্ক করেন, জুলাই আন্দোলনকে হেয় করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। তিনি উল্লেখ করেন, অতীতে যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে, তারাই এখন একে খাটো করার চেষ্টা করছে। মঞ্জু আরও বলেন, এবি পার্টি আন্দোলনের সময় কারফিউ ভেঙে মিছিল করেছে, নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন এবং দলটি গোয়েন্দা নজরদারির মধ্যেও সক্রিয় ছিল।
তিনি বলেন, এবি পার্টি জনগণকেই আন্দোলনের মূল শক্তি মনে করে এবং মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাসী। সভায় অন্যান্য নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।