সুন্দরবনে বনদস্যুদের হাতে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন ১১ জেলে। গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী তাদের অপহরণ করে। তিন দিন পর শরীফ বাহিনী গোলাগুলির মাধ্যমে জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে জেলেদের নিয়ন্ত্রণ নেয় এবং অজ্ঞাত স্থানে আটকে রাখে।
উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার জানান, জাহাঙ্গীর বাহিনী প্রথমে তাদের পায়ে শিকল পরিয়ে নির্যাতন চালায়। পরে মুক্তিপণ পাওয়ার পর শুক্রবার ভোরে শরীফ বাহিনী তাদের ধানসাগর এলাকার আড়য়ার নদীর মোহনায় ছেড়ে দেয়। সেখান থেকে তারা হেঁটে বাড়ি ফেরেন। এক মাছ ব্যবসায়ী জানান, বনদস্যুরা প্রথমে জনপ্রতি ১ লাখ টাকা দাবি করলেও পরে দরকষাকষির মাধ্যমে জনপ্রতি ৭০ হাজার টাকা, মোট ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়ানো হয়।
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে এসেছে—এ বিষয়ে পুলিশ অবগত নয়। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।