বগুড়ার সদ্য গঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দেউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হয়েছেন। গত মঙ্গলবার মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালে অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতে তাঁর নাম ছিল বলে অভিযোগ ওঠার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর ভাষ্য, তিনি ২০২০ সালে বিদেশে যান এবং দেশে ফিরে ২০২৩ সালে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার স্বার্থে তাঁর সঙ্গে চলাফেরা করতে হয়েছে বলেও তিনি জানান। সামাজিক মাধ্যমে ছড়ানো যুবলীগের কমিটির কাগজটি সম্পাদিত বলে দাবি করেন তিনি।
তবে ইউনিয়ন পরিষদের দুই সদস্য ওবায়দুল ইসলাম ও কাজী মেহেদুল ইসলাম তাঁর দাবির সঙ্গে একমত নন। তাঁদের বক্তব্য, জাহাঙ্গীর আলম যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা-কর্মী বলেন, এ ধরনের পদায়নে তৃণমূলে হতাশা তৈরি হচ্ছে। মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মানিক বলেন, জাহাঙ্গীর যুবলীগ করতেন কি না তাঁর জানা নেই; তবে গত সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে ভোট করেছেন।