নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি সামরিক স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী এই আক্রমণ চালায় এবং ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নিহতের ১৩ জনের সংখ্যা প্রাথমিক হিসাব। হামলার সময় সেনাসদস্যরা পাল্টা আক্রমণ চালিয়ে কয়েকজন হামলাকারীকে হত্যা করেন। তাদের রসদ ও সরঞ্জামও ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাতে অ্যাক্টুনাইজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে, অর্থাৎ জিএমটি ৪টায় হামলাটি ঘটে। সানাম মালির সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলে অবস্থিত, যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে এ হামলার সঙ্গে কোন গোষ্ঠী জড়িত, তা নিশ্চিত হয়নি। এর দুই দিন আগে ডিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনাসদস্য নিহতের কথা জানিয়েছিল মন্ত্রণালয়।