বুধবার দেশের ছয় জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। জামালপুর, রাজবাড়ী, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও শরীয়তপুরে এসব ঘটনা ঘটে। জামালপুরে পৃথক ঘটনায় দুই যুবক মারা যান এবং অন্য পাঁচ জেলায় একজন করে নিহত হন। এছাড়া বরগুনার বামনা উপজেলার একটি বিদ্যালয়ের পাশে বজ্রপাতে ১০ ছাত্রী আহত হয়েছে।
জামালপুরের ইসলামপুরে সাগর (১৮) ও শামীম (২৫) বজ্রপাতে মারা যান। রাজবাড়ীতে সুমন মণ্ডল (৩৫) মেয়েকে সঙ্গে নিয়ে বের হলে বজ্রপাতে নিহত হন, তবে তার মেয়ে অল্প আঘাত পেয়ে বেঁচে যায়। রংপুরে সাহেরা বেগম (৪০), ময়মনসিংহে সাদ্দাম হোসেন (২৮), শরীয়তপুরে রাজিব শেখ (৩৫) এবং গাজীপুরে জাকির হোসেন খান (৩২) বজ্রপাতে প্রাণ হারান।
প্রতিটি ঘটনার সত্যতা স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। শরীয়তপুরে নিহত রাজিব শেখের পরিবারকে সরকারি বরাদ্দ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।