বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ২০২৫–২৬ বোরো মৌসুমে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। সদর উপজেলার কাউগাঁ এলাকায় স্থাপিত এই গার্ডেনের লক্ষ্য ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত সম্প্রসারণ এবং কৃষকদের হাতে-কলমে প্রযুক্তি প্রদর্শন।
‘রাইস গার্ডেন’ কৃষকদের জন্য একটি উন্মুক্ত শেখার ক্ষেত্র হিসেবে কাজ করছে, যেখানে তারা বিভিন্ন ধানের জাতের গঠন, বৃদ্ধি, রোগবালাই সহনশীলতা, ফলন ও গুণগত বৈশিষ্ট্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। এতে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত জাত নির্বাচন সহজ হচ্ছে এবং আধুনিক ধান চাষে আগ্রহ বাড়ছে। ব্রির কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে কৃষকেরা আগামী মৌসুমে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন।
দিনাজপুর আঞ্চলিক কার্যালয় ভবিষ্যতে আউশ ও আমন মৌসুমেও এ ধরনের রাইস গার্ডেন স্থাপনের পরিকল্পনা করেছে। প্রযুক্তি গ্রামে স্থাপিত এই গার্ডেন কৃষক, গবেষক ও সংশ্লিষ্টদের জন্য উন্মুক্ত রয়েছে।