জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১৯ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) চিঠি দিয়ে মহাপরিচালক পদে প্রেষণ বা সংযুক্তিতে কর্মরত একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে। এনএসসি বলেছে, এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয় আরও কার্যকর হবে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, বিওএর নিয়োগে নির্দেশ দেওয়ার এখতিয়ার এনএসসির নেই। বিওএর সার্ভিস পলিসিতে এ ধরনের ক্ষমতার উল্লেখ নেই বলেও এতে বলা হয়েছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, মহাপরিচালক পদে সেনাবাহিনীর কর্মকর্তা বা নির্দিষ্ট কোনো পদমর্যাদার ব্যক্তিকে নিয়োগ বাধ্যতামূলক করার বিধানও নেই। বিওএর নির্বাচিত নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয় এবং জনবিজ্ঞপ্তি ও সাক্ষাৎকারের মাধ্যমে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
প্রতিবেদনটি সতর্ক করেছে যে, বিওএর ওপর নিয়ন্ত্রণের চেষ্টা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সনদের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সনদ অনুযায়ী, জাতীয় অলিম্পিক কমিটির স্বাধীন কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণে সরকারি হস্তক্ষেপ হলে আইওসি কার্যক্রম স্থগিত বা স্বীকৃতি প্রত্যাহারসহ ব্যবস্থা নিতে পারে। এতে কুয়েত, ইরাক ও গুয়েতেমালার সাময়িক নিষেধাজ্ঞার উদাহরণ দেওয়া হয়েছে।