বেলজিয়ামের ফেডারেল সরকার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক পদক্ষেপ অনুমোদন করেছে। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছর যে নীতিগত সমঝোতায় পৌঁছানো হয়েছিল, তার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো অধিকৃত এলাকায় উৎপাদিত পণ্যের বাণিজ্য সীমিত করা।
বেলজিয়ামের সংবাদ সংস্থা বেলগা জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া ও বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। বাস্তবায়নের বিস্তারিত নির্ধারণের কাজ চলছে। সরকারি সূত্র বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বেলজিয়াম অধিকৃত ভূখণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করতে চায়।
তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সুনির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারিত নয়, ফলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।