গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কূটনৈতিক মাধ্যমে ভারতকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারাক্কায় গঙ্গার পানি বণ্টন বিষয়ে ভারতের সঙ্গে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছরের ডিসেম্বর মাসে ওই চুক্তির মেয়াদ শেষ হবে। ১৯৯৭ সাল থেকে চুক্তির নির্ধারিত সূত্র অনুযায়ী ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হচ্ছে।
মন্ত্রী জানান, চুক্তিটির বাস্তবায়নকাল প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। পৃথক এক প্রশ্নের জবাবে তিনি তিস্তা অববাহিকায় বন্যা ব্যবস্থাপনা, ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতার জন্য একটি সমীক্ষা প্রকল্প নেওয়ার কথা বলেন। তিস্তার ন্যায্য হিস্যা নিশ্চিত করে টেকসই চুক্তিতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।