রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি সোমবার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু আসামিদের অভিযোগপত্র পড়ে শোনান। এর আগে সকাল পৌনে ৯টার দিকে দুই আসামিকে আদালতে আনা হয়। গত ২৪ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ দিন শুনানির জন্য নির্ধারণ করেছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের পর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন, যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করে ট্রাইব্যুনালে পাঠান।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার বলেছেন, সরকার রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা চাইবে। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত সর্বোচ্চ শাস্তি বিবেচনা করবেন বলে আশা করা হচ্ছে।