রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ-এর নিজস্ব ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সোমবার যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ইউটিএল জানায়, এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন এবং স্থানীয় দোকানি রিনা খানম আহত হয়েছেন। সংগঠনটি বলেছে, সংবাদমাধ্যমের ছাপাখানার সামনে এমন সহিংসতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও গভীর উদ্বেগের কারণ।
নেতারা বলেন, সংবাদ প্রকাশ নিয়ে মতপার্থক্য থাকলে তা যুক্তি, তথ্য ও দায়িত্বশীল আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত; সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী। তারা আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আমার দেশ-এর ছাপাখানাসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক ও সংবাদকর্মীর নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিটি পাঠিয়েছেন ইউটিএলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।