বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) চেয়ারম্যান বীরবিক্রম লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী সতর্ক করেছেন যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হলে জুলাইযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলানো হতে পারে। শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গণভোটে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণভোট জনগণের অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই, যেখানে ব্যালটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, যদি ‘না’ জয়ী হয় তবে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং গণহত্যা ঘটতে পারে। তিনি দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন, সাবেক কূটনীতিক সাকিব আলী এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বাইসস মুখপাত্র গোলাম সারওয়ার মিলন।