সিঙ্গাপুরের আদালত বাংলাদেশি নাগরিক ২৩ বছর বয়সি খন্দকার মোহাম্মদ ইয়ামিনকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের এক নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন। দ্য স্ট্রেইটস টাইমসের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর তার সাজা ঘোষণা করা হয়।
আদালতের নথিতে বলা হয়, ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করে ইয়ামিন মাতাল হয়ে পড়েন। ভোর চারটার দিকে আসনে বসে তিনি ২৬ বছর বয়সি এক নারী কেবিন ক্রুকে স্পর্শ করেন। ওই নারী তাকে স্পর্শ না করতে বললে ইয়ামিন কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন। পরে সহকর্মীকে জানানো হলে পুলিশ ডাকা হয় এবং চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়।
ব্যক্তিগত মুচলেকায় মুক্তির পর ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীদের সঙ্গে অসহযোগিতার পর তাকে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করেন এবং তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।