ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। মঙ্গলবার আমিরাত দাবি করে, একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সাগরে পড়ে। তাদের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি সামুদ্রিক নৌ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।
বাঘাই বলেন, এ ধরনের বক্তব্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। তেহরান প্রতিবেশী দেশগুলোকে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ঘটনার পর আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতাও জারি করা হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরান। এই প্রণালি দিয়ে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচল করে।