নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে ছেলে শ্যামল রাজভরের (২৪) শাবলের আঘাতে মা আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০) নিহত হয়েছেন। ভাত দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শ্যামলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুনি রাজভর পরিবার নিয়ে মগড়া নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন। স্থানীয়দের মতে, শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে অস্থির ছিলেন। মঙ্গলবার দুপুরে ভাত চাইলে মা কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবুনি রাজভর ঘটনাস্থলেই মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ও নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।