গাজীপুরের পূবাইল ফেরিঘাট এলাকায় সোমবার সকাল ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তান নিহত হয়েছেন। নিহতরা হলেন হাফেজা খাতুন মালা (২৮), তার ছেলে (৫) ও মেয়ে (৭)। তারা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও নাতি-নাতনি। নাম প্রকাশে অনিচ্ছুক পূবাইল বাজার রেলওয়ের এক গেটম্যান জানান, সকালে ওই নারী সন্তানদের নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ট্রেন আসার সময় তারা তিনজনই রেললাইনে ঝাঁপিয়ে পড়েন। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাটি নরসিংদী জোনের অন্তর্ভুক্ত। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।