পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমনকে সোমবার রাতে ঢাকার গুলশান এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে গুলশান ২-এর ‘আমারি ঢাকা’ হোটেলের ৯১ নম্বর রুম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, ইমনকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল এবং তার সামাজিক মাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে মোবারক হোসেন ইমন সাতটি মামলার আসামি, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ড। তিনি অন্তত ১৫-২০টি অস্ত্র বহন করেছেন বলে পুলিশের ধারণা এবং অস্ত্র ব্যবহারে পারদর্শী।
পুলিশ জানায়, বর্তমানে ছোট সাজ্জাদ কারাগারে থাকায় মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান চট্টগ্রামে বড় সাজ্জাদের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাদের বাহিনীতে প্রায় ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিল।