দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। সকাল প্রায় ৬টার দিকে ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রামের ফাহিমা আক্তার (২৮) ও তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। গুরুতর আহত হয়েছেন ফাহিমার স্বামী ও মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৪), যিনি বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন এবং পিকআপটি মা-ছেলের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, আর পিকআপচালক পালিয়ে যায়।
বীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতক পিকআপ শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।