ভারতের রাজধানী দিল্লিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। কনট প্লেসের সামনে ককরোচ জনতা পার্টি (সিজেপি), এসএফআই, এআইওয়াইএফ ও এআইএসএফের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং বিক্ষোভকারীরা জড়ো হতেই আটক শুরু হয়। আটক ব্যক্তিদের মধ্যে সিপিআই(এম) সংসদ সদস্য জন ব্রিটাসও রয়েছেন।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। অনেককে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। সিজেপি নেতা সৌরভ দাস মোদি সরকারের বিরুদ্ধে বলপ্রয়োগ ও ভয় দেখানোর অভিযোগ করেছেন। তাঁর দাবি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধের চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌরভ দাস লেখেন, মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, তরুণ প্রজন্ম জবাবদিহির দাবি জানিয়ে যাবে এবং ভয় দেখিয়ে তাদের দমন বা কণ্ঠ স্তব্ধ করা যাবে না। তাঁর ভাষ্য, তারা পিছু হটবে না এবং পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরবে।