চট্টগ্রামের অর্থ ঋণ আদালত ইসলামী ব্যাংকের প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার অর্থ ঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এই আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি ইসলামী ব্যাংক মামলাটি দায়ের করে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না এবং ডিক্রি জারির পরও আসামিদের কোনো সম্পত্তি বা অর্থের সন্ধান পাওয়া যায়নি। ফলে ব্যাংক অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দেওয়ানি সাজার আবেদন করে, যা আদালত মঞ্জুর করে।
সাজাপ্রাপ্তদের মধ্যে এস আলম ছাড়াও ওজি ট্রাভেলস লিমিটেড ও এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এর আগে আদালত তাদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিল, যা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে গৃহীত হয়।