লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগের জবাবে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্টো ইসরাইলকেই যুদ্ধবিরতি ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, ওয়াশিংটন ও নেতানিয়াহুর মধ্যে হওয়া কোনো দ্বিপক্ষীয় চুক্তিতে লেবানন সরকারকে জড়ানোর চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। হিজবুল্লাহর দাবি, এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননের কোনো ভূমিকা ছিল না।
গোষ্ঠীটির মতে, অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন থেকেই ইসরাইলি বাহিনী নিয়ম লঙ্ঘন করছে। দখলকৃত জমিতে সেনা জমায়েত ও উত্তর ফিলিস্তিনে বোমা হামলাকে তারা ইসরাইলি আগ্রাসনের বৈধ জবাব হিসেবে উল্লেখ করেছে। হিজবুল্লাহ অভিযোগ করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা ও আগ্রাসন আরও বাড়িয়েছে, যা আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরাইলের ঘনঘন হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ।