ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না। আইআরজিসি বলেছে, যত দিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চলবে, তত দিন এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ থাকবে না।
সংস্থাটি দাবি করেছে, প্রণালির অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। আইআরজিসির অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী ওই জাহাজগুলোকে ওই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল। তবে বিবৃতিতে ট্যাংকারগুলোর নাম, পতাকা, ক্রু সদস্যদের পরিচয় বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। রয়টার্স জানিয়েছে, তারা এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আইআরজিসি আরও সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে হবে।