Web Analytics
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় জাতীয় সংসদে তুলে ধরে তাদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান। রোববার রাত ১১টায় যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দারা সভাটির আয়োজন করেন। মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন রফিকুর রহমান রফু ও আওলাদ হোসেন। কয়সর এম আহমেদ বলেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের প্রতিনিধি নন; বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি হিসেবেও তাদের কল্যাণে কাজ করতে চান।

তিনি জানান, সুনামগঞ্জ-৩-এর উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সক্রিয় ভূমিকা বজায় রাখার আহ্বান জানান। পোস্টাল ভোটে অংশ নেওয়া, ভোটার নিবন্ধন এবং নির্বাচনী কার্যক্রমে সমর্থন দেওয়া প্রবাসীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।