নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে বলে তিনি জানান। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরভূমির ওয়াকওয়েতে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণ ও নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম নেওয়া হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজও চলছে। নদীতীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে জানানো হয়, চার নদীর উভয় তীরে বিআইডব্লিউটিএ প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করেছে। ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যের বিপরীতে ৬ হাজার ৬৩০টি স্থাপন করা হয়েছে। এছাড়া ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণ শেষ হয়েছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের সংযোগ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।