বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত ভারত সফরে যাচ্ছেন না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ ও ভূরাজনীতির নতুন সমীকরণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রগুলো জানায়, দিল্লি সফরটি অত্যন্ত স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং, বিশেষ করে গঙ্গার পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যুগুলোর কারণে। আগামী ডিসেম্বরে বর্তমান গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলেও দিল্লি এখনো ঢাকার অনুরোধে সাড়া দেয়নি। কর্মকর্তারা বলেন, সফরের জন্য প্রয়োজনীয় আস্থার পরিবেশ বর্তমানে অনুপস্থিত।
বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে ভারতের নেতিবাচক প্রতিক্রিয়া, সীমান্তে উত্তেজনা এবং শেখ হাসিনাকে সামনে আনার প্রচেষ্টা দিল্লি সফর স্থগিতের পেছনে ভূমিকা রেখেছে। তারা বলেন, ভারতের আচরণে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখন সফর সম্ভব নয়। এর পরিবর্তে প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন এবং এর আগে জাপান ও সৌদি আরব সফরের প্রস্তুতি নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীন সফরের পর জাপান ও সৌদি সফর কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ হবে, তবে চলতি বছরে দিল্লি সফরের সম্ভাবনা খুবই ক্ষীণ।