মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতছে এবং হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনের উদ্বোধনী মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর সবুজ জ্বালানিনীতিকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, তাঁর প্রশাসন দ্রুত খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে। তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম দ্রুত কমে যাবে।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’ পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সমুদ্রপথের নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও বলেন তিনি। তাঁর ভাষ্য, ইরানের নেতৃত্ব এতে খুশি হবে। ট্রাম্প আরও বলেন, ইরান ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে এসেছে, তবে এখন আর তারা সেই অবস্থানে নেই।