বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল প্রায় ৩০ বছর পর হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনটি পুনরুদ্ধার করেছেন। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের গিয়াস উদ্দিন আত তাহেরি মোমবাতি প্রতীকে ৮৪ হাজার ৩২৩ ভোট পান। ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের ব্যবধানে এই জয়ে এলাকাজুড়ে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
১৯৯১ সাল থেকে একাধিকবার নির্বাচনে অংশ নেওয়া ফয়সল ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা বাধা ও মামলার মুখোমুখি হলেও তিনি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। বিশ্লেষকদের মতে, তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদের নেতৃত্বে চা-বাগানভিত্তিক প্রচারণা এবারের জয়ের অন্যতম ভিত্তি ছিল। স্থানীয়রা তাকে সৎ, পরিশ্রমী ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক হিসেবে বর্ণনা করেছেন।
নির্বাচনের পর এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বিপুল ভোটে নির্বাচিত এই জনপ্রতিনিধিকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হলে হবিগঞ্জবাসীর জন্য তা গৌরবের বিষয় হবে।