ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণ সতর্কতা জারি করে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন আঙ্কারা দাবি করেছে যে ইরান তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। তবে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যভেদ করার আগেই ধ্বংস করে দেয়।
এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে তাদের নাগরিক ও কর্মীদের ঝুঁকি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।