ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) ও ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ার্স (পিডব্লিউএফ) যৌথভাবে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘আইসিটিপি-পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬’। সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই ইন্টার্নশিপ আগামী ২০ জুলাই শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো গবেষণার উপযুক্ত পরিবেশ ও আন্তর্জাতিক দিকনির্দেশনার অভাব দূর করে শিক্ষার্থীদের বাস্তব গবেষণার অভিজ্ঞতা দেওয়া এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা পাঠ্যবইয়ের বাইরে আধুনিক গবেষণার ধারা ও পদ্ধতির সঙ্গে পরিচিত হবেন।
বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীরা ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপে চারটি গবেষণা ট্র্যাক থাকবে, যার মধ্যে হাই এনার্জি ফিজিকস ট্র্যাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, কনফরমাল ফিল্ড থিওরি ও অ্যালজেব্রিক কম্বিনেটোরিকস অন্তর্ভুক্ত।