জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার থেকে দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হবে। তিনি বলেন, এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে। শুক্রবার পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, যুদ্ধাবস্থার কারণে জনগণের মধ্যে কিছু সংশয় তৈরি হয়েছে, তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে এবং ক্রেতারাও বেশি তেল নিচ্ছেন। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা অভ্যন্তরীণ বাজারে চাপ তৈরি করছে। সরকার দাম না বাড়ানোর চেষ্টা করবে, তবে একান্তই প্রয়োজন হলে জনগণের সঙ্গে তা শেয়ার করা হবে এবং তাদের সমর্থন কামনা করা হচ্ছে।