সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসান ওরফে শিপন হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে নাহিদ ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। মঙ্গলবার ভোর চারটার দিকে সদর থানা, কালিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল শুইলপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে নাহিদ এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন অমিতকে আটক করে।
গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরোধ হয়। বাপ্পিকে বাঁচাতে গেলে জাকারিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়; পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের ভাই ১২ জনের নামসহ অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে মামলা করেন। পুলিশ আগে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করেছিল।