বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩১ মার্চ ২০২৬ তারিখে জানিয়েছে, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেলের মজুত রয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, ৩০ মার্চ সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। নিয়মিত আমদানির মাধ্যমে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং হজ মৌসুম সামনে রেখে জেট ফুয়েলের মজুতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি তদারকিতে স্বচ্ছতা বাড়াতে সরকার নতুন উদ্যোগ হিসেবে সারাদেশে ফিলিং স্টেশনভিত্তিক ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। ঢাকা বিভাগে ১৩ জেলায় ৪৭৯ জন এবং মহানগরে ১১৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, অন্যান্য বিভাগেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।