রাজস্থানের জয়পুরের বাগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবারের এ ঘটনায় সিজেপি স্থানীয় ক্ষমতাসীন বিজেপি নেতাকর্মীদের দায়ী করেছে। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, স্থানীয় বাসিন্দারাই দলটির গ্রামে প্রবেশে আপত্তি জানিয়েছিলেন।
সিজেপির সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে দলটি গ্রামের প্রবেশমুখে বাধার মুখে পড়ে। তর্কের পর হামলা হয় বলে অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে উত্তেজিত জনতাকে সিজেপি কর্মীদের ধাওয়া ও কয়েকজনকে মারধর করতে দেখা গেছে। সিজেপির দাবি, হামলাকারীরা তাদের ‘আরবান নকশাল’, ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানি’ বলে স্লোগান দেয়। পরিস্থিতির কারণে দলটি গ্রাম ছেড়ে যায় এবং বিদ্যালয় পরিদর্শন করতে পারেনি।
রাঙ্কার দাবি, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গোয়ালঘরে চলছে এবং স্থানীয়দের আমন্ত্রণে তারা গিয়েছিলেন। তিনি গাড়ি ও ফোন ভাঙচুর, নারী সদস্যকে মারধর এবং একজনের হাত ভেঙে যাওয়ার অভিযোগ করেন। বিজেপি বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য বলেন, গ্রামবাসীরা সিজেপির কার্যক্রমে আপত্তি জানিয়েছেন। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসারা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন।