রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৪৪ জন ও শিশু ৫৬ জন। ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া ৯১ জন পথচারী ও ৫৭ জন চালক বা সহকারী প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুনে ৯টি নৌ দুর্ঘটনায় সাতজন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
পরিসংখ্যানে দেখা যায়, ৩২ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ৪১ দশমিক ১০ শতাংশ আঞ্চলিক সড়কে এবং ১২ দশমিক ০৭ শতাংশ শহরে ঘটেছে। দুর্ঘটনার মধ্যে ৪৩ দশমিক ৬৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে এবং ২৩ দশমিক ০৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষে হয়েছে। ঢাকা বিভাগে সর্বাধিক ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছে, আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও অদক্ষ চালককে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, যানবাহন রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দেওয়া জরুরি।