চীন সতর্ক করেছে যে চীন-নেপাল সীমান্তে ভূমিধসে সৃষ্টি হওয়া একটি হ্রদ যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে বন্যার পানি প্রবাহিত করার উচ্চ ঝুঁকি তৈরি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম পানিসম্পদ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বুধবার তিব্বত সীমান্তবর্তী গিরং এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর হ্রদটি তৈরি হয়। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
সিসিটিভি জানিয়েছে, আগামী তিন দিনে হ্রদটির পানির স্তর বাড়তে পারে এবং ১ সেপ্টেম্বরের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই সময়ে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে।
পানির প্রবাহ বাড়লে হ্রদের বাঁধ ভেঙে নিচের দিকে বন্যার পানি নেমে যাওয়ার ঝুঁকি বাড়বে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে গিরং বন্দরসহ নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা ও ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে; পর্যটকদের জাতীয়তা জানানো হয়নি।