যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় ভূগর্ভের প্রায় এক মাইল বা ১ দশমিক ৬ কিলোমিটার গভীরে লাক্স-জেপলিন (LZ) ডার্ক ম্যাটার অনুসন্ধান প্রকল্পে একটি অস্বাভাবিক কণার মিথস্ক্রিয়া শনাক্তের দাবি করেছেন বিজ্ঞানীরা। জাপানে অনুষ্ঠিত TeV Particle Astrophysics আন্তর্জাতিক সম্মেলনে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ড. স্যাম এরিকসনের নেতৃত্বে ফলটি উপস্থাপন করা হয়। ছয় দেশের ৩৯টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিজ্ঞানী ও প্রকৌশলী এই সহযোগী প্রকল্পে যুক্ত রয়েছেন।
স্যানফোর্ড আন্ডারগ্রাউন্ড রিসার্চ ফ্যাসিলিটির ডিটেক্টরটি কসমিক রে ও অনাকাঙ্ক্ষিত কণার প্রভাব কমাতে পাথরের গভীর স্তরের নিচে স্থাপন করা হয়েছে। এতে ১০ টন অতিবিশুদ্ধ তরল জেনন ব্যবহার করা হয়। ২২০ দিনের তথ্য বিশ্লেষণে প্রায় ২৪৮ কিলোইলেকট্রনভোল্ট শক্তির একটি অস্বাভাবিক পরমাণুর প্রতিঘাত ধরা পড়ে, যা পরিচিত ব্যাকগ্রাউন্ড সংকেতের সঙ্গে মেলানো যাচ্ছে না।
বিজ্ঞানীদের ধারণা, সংকেতটি ডার্ক ম্যাটারের হলে তা উইম্প হতে পারে এবং এর ভর অন্তত ২০০ GeV/c² হতে পারে। তবে বর্তমান ফলের বৈজ্ঞানিক তাৎপর্য প্রায় ২ দশমিক ৬ সিগমা, যেখানে নিশ্চিত আবিষ্কারের জন্য ৫-সিগমা প্রমাণ দরকার। গবেষণাটি পিয়ার-রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে এবং প্রি-প্রিন্ট হিসেবে প্রকাশিত হয়েছে। এলজেড দল তথ্য সংগ্রহের সময় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।